চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১৪:৪৯ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ নাজমুল ইসলাম (২৮) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।
বুধবার (৬ মে) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত ১১টায় উপজেলার মেদিনীপুর বিওপির আওতাধীন হরিহরনগর গ্রামের একটি আমবাগানের ভেতর হতে তাকে আটক করা হয়।
আটককৃত নাজমুল ইসলাম হরিহরনগর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়নের অধীন মেদিনীপুর বিওপির একদল বিজিবি মঙ্গলবার দিবাগত রাতে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৩/৩-এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর গ্রামের নাজমুলের আমবাগানের ভেতর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে নাজমুল ইসলামকে আটক করে তার কাছ থেকে ৯০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, ১টি মোবাইল ফোন ও ২টি সিমকার্ড উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সোপর্দ করা হয়েছে।
