মুন্সীগঞ্জে গরু চুরির অভিযোগে আ.লীগ নেতার ছেলেসহ গ্রেপ্তার ২

প্রকাশ : ১০ মে ২০২৬, ১৫:০২ | অনলাইন সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদীখানে গরু চুরির অভিযোগে এক আওয়ামী লীগ নেতার ছেলেসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গরু বিক্রির ৫ হাজার ৬৭৫ টাকা ও চারটি গরুর পা উদ্ধার করা হয়।

শনিবার (৯ মে) দিবাগত রাতে জেলার সিরাজদীখান ও শ্রীনগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পুলিশ

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসরাফিলের ছেলে সোহেল (৩৭) এবং বাসাইল গ্রামের মৃত মোকলেসের ছেলে মকবুল (৪৫)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা গত বুধবার (৬ মে) বিকেলে উপজেলার কেয়াইন ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের শুসংকর মণ্ডল কালুর বাড়ির আশপাশে ঘোরাফেরা করছিলেন। পরে বিকেল সাড়ে ৩টার দিকে সুযোগ বুঝে শুসংকরের বাড়ির পাশের জমি থেকে তার লাল রঙের একটি ষাঁড় গরু চুরি করে নিয়ে চলে যায়।

ভুক্তভোগী পরিবারের দাবি, গরুটির ওজন আনুমানিক ২০০ কেজি এবং বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। গরু নিয়ে যাওয়ার সময় সতুরচর মাদ্রাসা এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় অভিযুক্তদের চলাচলের দৃশ্য ধরা পড়ে।

সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, শুসংকর মণ্ডলের অভিযোগের ভিত্তিতে সিরাজদীখান ও শ্রীনগর থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে গরু বিক্রির ৫ হাজার ৬৭৫ টাকা ও চারটি গরুর পা উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।