ঈশ্বরদীতে অস্ত্র ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশ : ১১ মে ২০২৬, ১৭:৩৬ | অনলাইন সংস্করণ

  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে একটি ওয়ান শুটার গান, ১৩টি শর্টগানের কার্তুজ ও ৬৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুর রব ওরফে আব্দুল্লাহ (৫৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রোববার (১০ মে) রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আব্দুর রব ওই এলাকার মৃত হায়দার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রব দীর্ঘদিন ধরে মাটি ও বালুর ব্যাবসার আড়ালে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। এছাড়াও স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার ও আতঙ্ক সৃষ্টির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল আব্দুর রবের বসতঘরে অভিযান চালায়। এ সময় তার ঘর থেকে একটি ওয়ান শ্যুটার গান, ১৩টি শর্টগানের কার্তুজ এবং ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

ওসি আরও জানান, আটক আব্দুর রবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।