নারায়ণগঞ্জে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই
প্রকাশ : ১৫ মে ২০২৬, ২১:১৮ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে ছোট ভাই মো. মোহন (৩২)-কে কুপিয়ে হত্যা করেছে তারই বড় ভাই উজ্জ্বল (৩৪)।
শুক্রবার (১৫ মে) সকালে ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মো. মোহন (৩২) ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ সোনার বাংলা রোডের ফাজিল পাড়ার মো. বাবুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক কলহ চলছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। গত শুক্রবার কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে নিহত মোহন ও তার বাবা অভিযুক্ত উজ্জ্বলকে মারধর করেন বলেও জানা গেছে।
অপরদিকে, উজ্জ্বল প্রায় সময় মাদকাসক্ত অবস্থায় বাসায় এসে সামান্য বিষয় নিয়েও ঝগড়া করতেন। শুক্রবার সকালে আবারও কোনো এক বিষয় নিয়ে মোহন ও উজ্জ্বলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা একটি বঁটি দিয়ে ছোট ভাই মোহনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন উজ্জ্বল।
এসময় মোহনের চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে স্বজনরা রক্তাক্ত অবস্থায় মোহনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
