আলমডাঙ্গায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
প্রকাশ : ১৮ মে ২০২৬, ১৭:৫৫ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে উজির আলী (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকালে বাদী হয়ে ভুক্তভোগী শিশুর বাবা আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ রাতেই বড় বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। এর আগে শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে শিশুটি বাড়ির পাশের একটি বাগানে পাতা আনতে যায়। এ সময় উজির আলী সেখানে গিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। ভয় পেয়ে শিশুটি চিৎকার করে সেখান থেকে দৌড়ে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায়। এরপর শিশুটির বাবা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত উজির আলীকে আটক করে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, উজির আলীর বিরুদ্ধে এর আগেও একাধিক অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, আগে তার বাড়িতে বেড়াতে আসা এক আত্মীয় নারীও তার এমন আচরণের শিকার হন। এছাড়া প্রায় তিন মাস আগে মাঠে এক আত্মীয় নারীকে একা পেয়ে আপত্তিকর আচরণের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।
স্থানীয়রা আরও জানান, লোকচক্ষুর আড়ালে সুযোগ পেলেই নারীদের হয়রানি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে উজির আলীর বিরুদ্ধে। এমন ঘটনার পুনরাবৃত্তিতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ‘এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। অভিযুক্ত উজির আলীকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
