দামুড়হুদায় সোয়া কোটি টাকার স্বর্ণের বারসহ ছাত্রলীগ নেতা আটক
প্রকাশ : ২৪ মে ২০২৬, ২১:৫৬ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ডুগডুগি কলোনিপাড়া এলাকা থেকে ৬০০ গ্রাম স্বর্ণের বারসহ বাপ্পি (২৭) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে বিজিবি।
রোববার ( ২৪ মে) দুপুর ২টার দিকে আটক করা হয়।
আটককৃত বাপ্পি উপজেলার দর্শনা থানাধীন পুরাতন বাজার এলাকার মৃত আবু সিদ্দিকীর ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত দর্শনা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটেলিয়ান (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের নেতৃত্বে দর্শনা বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডুগডুগি কলোনি পাড়া এলাকায় রাস্তার পাশে ওত পেতে ছিল। এ সময় একটি মোটরসাইকেল গতি রোধ করলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বাপ্পীকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৫ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মূল্য ১ কোটি ২১ লক্ষ ৩৮ হাজার টাকা।
আটককৃত বাপ্পি জানান, স্বর্ণের বারগুলো ভারতে পাচারের জন্য সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছিল।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
