গ্রেইস রিয়েল এস্টেটের এমডি মেহেদী হাসানকে তুলে নেওয়ার হুমকি, মুগদা থানায় জিডি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১৪:৫১ | অনলাইন সংস্করণ

ফ্ল্যাট রেজিস্ট্রি করে দেওয়ার জন্য প্রাণনাশ ও জোর করে তুলে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন গ্রেইস রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান খান। অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে ফোন ও হোয়াটসঅ্যাপে এসব হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তার। এ ঘটনায় গত ২৭ আগস্ট মুগদা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডিতে মোহাম্মদ মেহেদী হাসান খান উল্লেখ করেন, গত ২৬ আগস্ট দুপুর ১২টা ৯ মিনিটে মুগদা বিশ্বরোডের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থানকালে তার মোবাইল নম্বরে একটি অজ্ঞাত নম্বর থেকে কল আসে। কলদাতা নিজের পরিচয় না দিয়ে আবু বকর ও ওমর শরীফ ডনের প্রতিনিধি হিসেবে পরিচয় দেয় এবং যেকোনো সময় বড় ধরনের ক্ষয়ক্ষতি করার হুমকি দেয় বলে জিডিতে অভিযোগ করা হয়েছে।
পরে ওই নম্বরে তার মোবাইলের হোয়াটসঅ্যাপ থেকে যোগাযোগ করা হলে তাকে গালাগালি করা হয় এবং প্রাণনাশের ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করেন তিনি। জিডিতে আরও বলা হয়, হুমকির কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
মোহাম্মদ মেহেদী হাসান খানের দাবি, গ্রেইস রিয়েল এস্টেট লিমিটেডের ‘জরিনা প্যালেস’ প্রকল্পের চতুর্থ তলার দুটি ফ্ল্যাট নিয়ে বিরোধের সূত্রপাত। তার অভিযোগ, কোম্পানির পরিচালক ওমর শরীফ ডন তার ফুফাতো ভাই আবু বকর মিঠু ও তৌহিদা আফরিনের কাছে ফ্ল্যাট দুটি নামমাত্র মূল্যে গোপনে বিক্রির জন্য কোম্পানির আরেক পরিচালক নাজমুল হাসান রাসেলকে ভুল বুঝিয়ে চুক্তি করান।
ব্যবস্থাপনা পরিচালকের অভিযোগ, ফ্ল্যাট দুটি বিক্রির ক্ষমতা তার অনুমোদন ছাড়া অন্য কোনো পরিচালক দিতে পারবেন না—এ বিষয়টি জানা থাকা সত্ত্বেও আবু বকর মিঠু ও তৌহিদা আফরিন ফ্ল্যাটের কাগজপত্র, পাওয়ার ও চুক্তি দেখার পরও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা চেয়ারম্যানের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করেননি।
তিনি আরও দাবি করেন, পরবর্তীতে অফিসিয়াল চিঠির মাধ্যমে সংশ্লিষ্টদের জানানো হয় যে, ফ্ল্যাট দুটির ওই চুক্তির কোনো বৈধতা নেই। নতুন করে দরদাম নির্ধারণ করে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে চুক্তি করতে অথবা নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলা হয়।
এরপরই অজ্ঞাত একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন মেহেদী হাসান খান। তার দাবি, কথোপকথনের সময় তাকে ‘উঠিয়ে নিতে দশ মিনিট সময় লাগবে না’ বলেও হুমকি দেওয়া হয় এবং অকথ্য ভাষায় গালাগালি করা হয়।
জিডিতে হুমকির বিষয়টি উল্লেখ করে ভবিষ্যতের জন্য তা সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন জানান গ্রেইস রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
তিনি আরও জানান, অজ্ঞাত নম্বর থেকে হুমকি পাওয়ার পর বিভিন্ন ব্যক্তির মাধ্যমে হুমকিদাতার পরিচয় জানার চেষ্টা করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
