বিআরটিএতে দালাল চক্রের বিরুদ্ধে আনসারের অভিযান, আটক ৩
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৭ | অনলাইন সংস্করণ

ঢাকার তুরাগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে আনসার সদস্যরা। সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে বিআরটিএ তুরাগ, ঢাকা মেট্রো সার্কেল-৩ কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আনসার সদস্যদের তৎপরতায় দালাল চক্রের তিন সদস্যকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন গাড়ির নতুন রেজিস্ট্রেশন, ফিটনেস ও মালিকানা বদলের কাগজপত্র উদ্ধার করা হয়। অভিযানে পিসি মো. অপু সারোয়ার, আনসার সদস্য ইদ্রিস আলী ও আনসার সদস্য জুয়েল রানা দায়িত্ব পালন করেন।
আটক ব্যক্তিরা হলেন—ধানমন্ডির জিগাতলার মো. রাকিব আজিজ (৪০), বাড্ডার মো. কামরুল হাসান (২২) এবং ভোলার মো. শাহিন (৩৩)।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিব আজিজ ও মো. কামরুল হাসানকে দুই মাস করে এবং মো. শাহিনকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
বিআরটিএ কার্যালয়ে দালাল চক্রের অপতৎপরতা রোধে আনসার সদস্যদের এ ধরনের অভিযান জনসেবা কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জননিরাপত্তা ও সেবাপ্রত্যাশীদের স্বার্থে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সারাদেশে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
