সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০০ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক ও মানবাধিকারকর্মী এস.এম. রবিউল আউয়ালকে হত্যার হুমকি, মানহানিকর বক্তব্য ও সাইবার হয়রানির অভিযোগে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে একটি পিটিশন মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ২০২৬ সালের পিটিশন মামলা নং-৩৯৭ হিসেবে উল্লেখ করা হয়েছে।
মামলায় সুনামগঞ্জের ছাতক উপজেলার মো. সুমন মিয়া (২৭) নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। অভিযোগে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(ক), ১৮(গ), ১৯(৩), ২৭ ও ৩০ ধারার কথা উল্লেখ করা হয়েছে।
মামলার বাদী এস.এম. রবিউল আউয়াল। অভিযোগপত্রে তিনি নিজেকে সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং বিএনপির সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করেছেন। জানা যায়, জুলাই ২০২৪-এর আন্দোলনে তিনি আহত হন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র, মানহানি ও জীবননাশের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, আসামি ‘Miah’ নামের একটি ফেসবুক আইডি থেকে বাদীর ফেসবুক আইডি ও মেসেঞ্জারে বিভিন্ন ধরনের উসকানিমূলক, মানহানিকর ও হুমকিমূলক বার্তা পাঠিয়ে আসছিলেন। সর্বশেষ গত ১৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে ওই আইডি থেকে বাদীকে উদ্দেশ করে একটি পোস্ট ও বার্তা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ওই বক্তব্যে সাংবাদিক রবিউলকে নিয়ে বিভিন্ন আপত্তিকর ও মানহানিকর মন্তব্যের পাশাপাশি তাঁকে ‘জবাই করে রাস্তায় টাঙিয়ে রাখার’ হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি দখল করে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার কথা বলা হয়েছে বলেও নথিতে উল্লেখ রয়েছে।
বাদীর অভিযোগ, এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তিনি সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। একই সঙ্গে এসব হুমকির কারণে তাঁর জীবন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগপত্রে আরও বলা হয়, বিষয়টি নিয়ে বাদী গত ১৮ আগস্ট বেলা ১১টার দিকে কদমতলী থানায় মামলা করতে গেলে পুলিশ ঘটনাটি সাইবার-সংক্রান্ত হওয়ায় আদালতে মামলা করার পরামর্শ দেয়। প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ ও স্বজনদের সঙ্গে পরামর্শ করতে সময় লাগায় মামলা দায়েরে কিছুটা বিলম্ব হয়েছে বলে উল্লেখ করেন বাদী।
এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. সুমন মিয়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
