১ জানুয়ারি পর্দা উঠছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আগামী ১ জানুয়ারি পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হতে যাচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা আধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৯ ডিসেম্বর) মেলা আয়োজনসংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে।

এ সময় উপস্থিত ছিলেন এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান হাসান আরিফ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) আব্দুর রহিম খান এবং ইপিবির মহাপরিচালক বেবি রাণী কর্মকার।

সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব জানান, এবারের বাণিজ্য মেলায় স্টল ও প্যাভিলিয়ন স্পেস বিভিন্ন ক্যাটাগরিতে অনলাইনের মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে। দর্শনার্থীদের জন্য ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে, যার মাধ্যমে অনলাইনে টিকিট সংগ্রহ করে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে মেলায় প্রবেশ করা যাবে। তবে অন-স্পট টিকিট কেনার ব্যবস্থাও থাকবে।

দর্শনার্থীদের যাতায়াত সুবিধা বাড়াতে বিশেষ ব্যবস্থার কথাও জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, মেলায় যাওয়ার জন্য বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি কনসেশনাল রেটে ‘পাঠাও’ সার্ভিস যুক্ত করা হচ্ছে।