দেশের রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়ালো

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১৫ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৩ হাজার ২৪৫ দশমিক ৫০ মিলিয়ন বা ৩৩ দশমিক ২৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার (২ ফেব্রুয়ারি) দিন শেষ রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

তিনি জানান, ২ ফেব্রুয়ারি দিন শেষে দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার। একইসঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম–৬ অনুযায়ী রিজার্ভ হয়েছে ২৮ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং রপ্তানি আয়ে স্থিতিশীলতার ফলে রিজার্ভের এই অবস্থান নিশ্চিত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, বর্তমান এই রিজার্ভ দিয়ে দেশের কয়েক মাসের আমদানি ব্যয় অনায়াসে মেটানো সম্ভব, যা দেশের অর্থনীতির জন্য স্বস্তির খবর।

 

আবা/এসআর/২৫