ভরিতে ৫৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৯ | অনলাইন সংস্করণ

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা দাম বাড়ানো হয়েছে, যার ফলে এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম ওই সময় থেকেই কার্যকর হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গতকাল সোমবার সোনার দাম তিন দফায় কমানো হয়েছিল। প্রথমে ১ হাজার ৯২৫ টাকা, এরপর ৬ হাজার ৫৯০ টাকা এবং শেষমেষ ৫ হাজার ৪২৪ টাকা কমানো হয়। ফলে একদিনে তিন দফায় সোনার দাম কমে ১৩ হাজার ৯৩৯ টাকায় নেমে আসে। কিন্তু আজ আবার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা, আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার দাম বাড়লেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা।
