১৬ দিনে এলো ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, রিজার্ভ ছাড়াল ৩৪.৫ বিলিয়ন
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩২ | অনলাইন সংস্করণ

ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে উল্লেখযোগ্য অবদান রেখেছে। চলতি মাসে ১৮০ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা স্থানীয় মুদ্রায় প্রায় ২২ হাজার কোটি টাকা। একই সময়ে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, চলতি ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ১৮০ কোটি ৭০ লাখ ডলার। এর মধ্যে শুধু ১৬ ফেব্রুয়ারি এসেছে ১৫ কোটি ২০ লাখ ডলার। যেখানে গত বছরের একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১৪৯ কোটি ডলার।
মুখপাত্র আরও জানান, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির কারণে ব্যাংকগুলো থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক, ফলে রিজার্ভ বেড়ে ৩৪.৫৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
এর আগে, গত বছরের ডিসেম্বরে দেশে ৩.২৩ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। তার আগের বছরের মার্চে দেশে ৩.২৯ বিলিয়ন ডলার এসেছে, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে রেকর্ড করা হয়েছিল।
