বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান, প্রজ্ঞাপন জারি

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৪ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোস্তাকুর রহমান। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে তার নিয়োগের তথ্য প্রকাশ করা হয়।

মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ এর ১০(৫) অনুচ্ছেদ অনুযায়ী, মো. মোস্তাকুর রহমান এফসিএমএ-কে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে চার (৪) বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও জানানো হয়, গভর্নর পদে দায়িত্ব পালনকালে মোস্তাকুর রহমান সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে নেবেন। নিয়োগসংক্রান্ত অন্যান্য বিষয় চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। 

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, মোস্তাকুর রহমান ১৯৬৬ সালের ১২ মে জন্মগ্রহণ করেন। তিনি একজন পেশাদার কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) এবং পেশাগত জীবনে ৩৩ বছরেরও বেশি সময় ধরে অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে বি.কম (অনার্স) এবং মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।

মোস্তাকুর রহমান তার দীর্ঘ কর্মজীবনে দেশের শীর্ষ শিল্প ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।