এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ২৩:২২ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আগামী তিন কর্মদিবসের মধ্যে তার যাবতীয় লেনদেনের তথ্য পাঠাতে বলা হয়েছে।
একটি অভিযোগের ভিত্তিতে সোমবার সব ব্যাংকে চিঠি দিয়ে তার তথ্য চাওয়া হয়েছে। বিএফআইইউয়ের একটি দায়িত্বশীল সূত্র সমকালকে বিষয়টি নিশ্চিত করেছে।
জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদসহ তিনজন ছাত্র প্রতিনিধি। আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের ১০ ডিসেম্বর আসিফ মাহমুদ ও মাহফুজ আলম উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। তার আগে পদত্যাগ করেন এনসিপির আহ্বায়ক ও বর্তমান এমপি নাহিদ ইসলাম।
আসিফের জন্ম ১৯৯৮ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে। তার পিতা মো. বিল্লাল হোসেন ও মা রোকসানা বেগম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন। ২০২৩ সালে আত্মপ্রকাশ করা গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাবি কমিটির আহ্বায়ক ছিলেন তিনি।
আবা/এসআর/২৫
