সোনার দাম ভরিতে কমলো ৯ হাজার টাকা

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১১:৫৯ | অনলাইন সংস্করণ

টানা ৬ দফা দাম বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে কমেছে সোনার দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ ৯ হাজার ২১৪ টাকা পর্যন্ত দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর ফলে, সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরির দাম কমে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা হয়েছে, যা গতকাল ছিল ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা।

বুধবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন দাম আজ সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে। 

সংগঠনটি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ার পর স্থানীয় বাজারে সোনার দাম কমানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা।

সোনার দামের সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৫৩২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।