সোনার দাম ভরিতে কমলো ৩২৬৬ টাকা
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১১:২২ | অনলাইন সংস্করণ

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম ভরিতে ২ লাখ ৬৫ হাজার টাকার নিচে নেমে এসেছে।
সোমবার (৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।
বাজুস জানিয়েছে, তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও সোনার দাম সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেট সোনার ভরি ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ৬ হাজার ৩৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপা ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট রুপা ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
