দুই দফা কমার পর ফের বাড়ল সোনার দাম
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১১:২২ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

টানা দুই দফা কমার পর আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনটি জানায়, নতুন এই দাম মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস আরও জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম পড়বে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা।
সোনার সঙ্গে বেড়েছে রুপার দামও। ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার এক ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫৩২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ২৪ টাকা।
