চলতি অর্থবছরে প্রবাসী আয় বেড়েছে ২২.৯ শতাংশ
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ২১:৩৩ | অনলাইন সংস্করণ

দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের (২০২৫-২৬) শুরু থেকে ১১ মার্চ পর্যন্ত সময়ে দেশে মোট ২ হাজার ৪৩৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১ হাজার ৯৮২ কোটি মার্কিন ডলার। সে হিসাবে রেমিট্যান্স প্রবাহে ২২ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১১ মার্চ একদিনেই দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ১৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।
এদিকে চলতি মাসের ১ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত সময়ে দেশে মোট ১৯২ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১৩৩ কোটি মার্কিন ডলার।
ফলে দেখা যাচ্ছে, মার্চ মাসের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহ প্রায় ৪৪ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
