প্রবাসী আয়ে গতি, ১৪ দিনেই দেশে এলো ২২০ কোটি ডলার
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ২০:৪৭ | অনলাইন সংস্করণ

চলতি মার্চের প্রথম ১৪ দিনেই দেশে ২ বিলিয়নের বেশি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই সময়ে দেশে এসেছে মোট ২২০ কোটি ৪৪ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে যার পরিমাণ দেশীয় মুদ্রায় প্রায় ২৭ হাজার কোটি টাকা।
সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চের প্রথম ১৪ দিনে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে দেশে এই রেমিট্যান্স আসে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ কোটি ২৪ লাখ ডলার। একই সময়ে বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে পাঠানো হয়েছে ২৭ কোটি ২৮ লাখ ডলার।
অন্যদিকে বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। এই খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ১৫৫ কোটি ৪৫ লাখ ডলার। এছাড়া বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে একই সময়ে দেশে এসেছে ৪৫ লাখ ডলার।
এর আগে, বিদায়ী ফেব্রুয়ারি মাসেও দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল উল্লেখযোগ্য। ওই মাসে প্রবাসীরা দেশে ৩ বিলিয়ন বা ৩০০ কোটির বেশি ডলার পাঠিয়েছিলেন।
সবমিলিয়ে ফেব্রুয়ারিতে দেশে মোট ৩০২ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স আসে। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে যার পরিমাণ দেশীয় মুদ্রায় ৩৬ হাজার কোটিরও বেশি টাকা।
