৩১ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘গ্রান কুভা’
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ২১:৪৮ | অনলাইন সংস্করণ

সিঙ্গাপুর থেকে ৩১ হাজার টনের বেশি পরিশোধিত ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ট্যাংকার জাহাজ ‘গ্রান কুভা’। বৃহস্পতিবার বন্দরে পৌঁছানো জাহাজটি বর্তমানে বহির্নোঙরে অবস্থান করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বন্দর কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলে একই দিন রাতেই জাহাজটি ডলফিন জেটিতে বার্থিং করার কথা রয়েছে।
এ জাহাজসহ চলতি মাসের ৩১ মার্চের মধ্যে মোট ৮০ থেকে ৮২ হাজার টন ডিজেল দেশে পৌঁছানোর কথা রয়েছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক কর্মকর্তা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে তিনটি চালানের পাশাপাশি ভারতের এনআরএল থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৫ থেকে ৭ হাজার টন ডিজেল আসবে।
বন্দর সূত্রে জানা যায়, হংকংয়ের পতাকাবাহী ‘গ্রান কুভা’ জাহাজে করে ৩১ হাজার ২০৩ টন ডিজেল এসেছে।
এছাড়া ‘পিভিটি সোলানা’ নামের আরেকটি পানামার পতাকাবাহী জাহাজ আগামী ৩১ মার্চ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে, যা মালয়েশিয়া থেকে ৩০ হাজার টন পরিশোধিত ডিজেল নিয়ে আসবে।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। এ পরিস্থিতিতে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দর অগ্রাধিকারভিত্তিতে জ্বালানিবাহী জাহাজের বার্থিং ও খালাস কার্যক্রমে সহায়তা দিচ্ছে।
