সোনার দাম আরও বাড়লো
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১১:৩৮ | অনলাইন সংস্করণ

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের সোনার প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম বাড়ানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা। এতে ভরি প্রতি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
নতুন দাম মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার বা পাকা সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাজুস।
মঙ্গলবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২৮ মার্চ দুদফায় ভালো মানের এক ভরি সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়ানো হয়। তারও আগে টানা সাত দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ৩৫ হাজার ৫৭৫ টাকা।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি বাড়ানো হয়েছে রুপার দামও। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯২ টাকা বাড়িয়ে ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৪ টাকা বাড়িয়ে ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
