মার্চ মাসে এলো দেশের ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ২১:০০ | অনলাইন সংস্করণ

সদ্য সমাপ্ত মার্চ মাসে দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে। এ সময়ে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন প্রায় পৌনে ৪ বিলিয়ন মার্কিন ডলার, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।
বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
সংশ্লিষ্টরা বলছেন, পবিত্র রমজান ও আসন্ন ঈদকে কেন্দ্র করে পরিবারের অতিরিক্ত খরচ মেটাতে প্রবাসীরা বেশি অর্থ পাঠিয়েছেন। এর ফলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা তৈরি হয়েছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মার্চ মাসে মোট ৩৭৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার দেশে এসেছে। বর্তমান বিনিময় হার প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা হিসেবে এর পরিমাণ দাঁড়ায় ৪৬ হাজার কোটি টাকারও বেশি, যা একক মাসে সর্বোচ্চ।
গত বছরের একই মাসের তুলনায় এবার রেমিট্যান্স বেড়েছে ১৪ শতাংশ। ২০২৫ সালের মার্চে এ পরিমাণ ছিল ৩৩০ কোটি ডলার। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩০২ কোটি বা ৩ দশমিক ০২ বিলিয়ন ডলার।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬২১ কোটি মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ২ হাজার ১৭৮ কোটি ডলার।
এদিকে প্রবাসী আয় বৃদ্ধির কারণে আমদানি ব্যয় পরিশোধের পরও বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা ইতিবাচক পরিবর্তন এসেছে। বুধবার (১ এপ্রিল) দিন শেষে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২৫ বিলিয়ন ডলার।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী হিসাব করলে রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৬১ বিলিয়ন ডলার।
