জ্বালানি সংকটের প্রভাবে বাজারে মুরগি-তেল-সবজির দাম ঊর্ধ্বমুখী
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১৬:০০ | অনলাইন সংস্করণ

রাজধানীর বাজারগুলোতে ঈদের পর থেকেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। ব্রয়লার মুরগির দাম খুব বেশি না বাড়লেও সোনালি ও দেশি মুরগি রেকর্ড দামে বিক্রি হচ্ছে। একই সঙ্গে বোতলজাত ভোজ্যতেলের দাম অপরিবর্তিত থাকলেও খোলা সয়াবিন ও পামতেলের দাম বেড়েছে। সরবরাহ কম থাকায় সবজি, মাছ ও মাংসের দামও বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীর রামপুরা, কারওয়ান বাজার ও মালিবাগ বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ব্যবসায়ীরা জানান, ঈদের পর জ্বালানি তেলের সংকটের কারণে পণ্য পরিবহন খরচ বেড়ে গেছে, যার প্রভাব পড়ছে বাজারে। তবে উৎপাদক ও খামারিদের দাবি, উৎপাদনে তেমন কোনো ঘাটতি নেই।
এক সপ্তাহের ব্যবধানে অনেক পণ্যের দাম বেড়েছে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত। বিশেষ করে মাংসের বাজারে এর প্রভাব বেশি চোখে পড়ছে। এক সপ্তাহ আগে যে গরুর মাংস ৭৫০ টাকায় বিক্রি হয়েছে, তা এখন ৮২০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি ১ হাজার ২০০ টাকায়।
মুরগির বাজারেও দামের ঊর্ধ্বগতি স্পষ্ট। ব্রয়লার মুরগি ১৭০ টাকা থেকে বেড়ে ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে সোনালি ও দেশি মুরগির দাম। সোনালি মুরগি এখন ৪২০ টাকা কেজি এবং দেশি মুরগি ৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অথচ ঈদের আগে সোনালি মুরগির দাম ছিল ৩০০ থেকে ৩২০ টাকা এবং দেশি মুরগির দাম ছিল ৬০০ থেকে ৬৫০ টাকা।
ভোজ্যতেলের বাজারেও একই প্রবণতা দেখা গেছে। খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৯৫ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ১৮৫ থেকে ১৯০ টাকা। অর্থাৎ প্রতি লিটারে প্রায় ১০ টাকা বেড়েছে। ঈদের আগের সপ্তাহে এ দাম আরও প্রায় ১০ টাকা কম ছিল। একইভাবে খোলা পামতেলের দামও এক সপ্তাহে লিটারে ১০ টাকা বেড়ে এখন ১৮৪ থেকে ১৮৫ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ১৭৫ টাকার আশপাশে।
তবে বোতলজাত ভোজ্যতেলের সর্বোচ্চ বিক্রয়মূল্য প্রতি লিটার ১৯৫ টাকাই রয়েছে। যদিও দীর্ঘদিন ধরে বাজারে বোতলজাত তেলের সরবরাহ সংকট রয়েছে।
সবজির বাজারেও দামের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। কিছু পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও অনেক সবজির দাম কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
তবে আলু ও পেঁয়াজের দাম এখনও তুলনামূলক কম রয়েছে। বাজারে প্রতি কেজি আলু ২০ থেকে ২৫ টাকা এবং পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
