সোনার দামে বড় লাফ, ভরি ছাড়াল আড়াই লাখ

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১১:১৯ | অনলাইন সংস্করণ

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এক লাফে ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা।

বুধবার (৮ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

এদিন সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মূল্যবৃদ্ধির বিষয়টি জানানো হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের সোনার প্রতি ভরির দাম পড়বে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৪০ হাজার ৯২০ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬ হাজার ৫১১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।

সোনার পাশাপাশি বেড়েছে রুপার দামও। ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের রুপার নতুন দাম ধরা হয়েছে ৫ হাজার ৮৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৯৯ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৭৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ৩ হাজার ৬১৬ টাকায়।