দেশের বাজারে বাড়ল সোনা-রুপার দাম
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১০:৫১ | অনলাইন সংস্করণ

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে এ নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। এদিন সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির কারণে এই সমন্বয় করা হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ৯ এপ্রিল ভালো মানের সোনার দাম ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়েছিল। সেই সিদ্ধান্তের ছয় দিনের মাথায় আবারও দাম বাড়ানো হলো।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা।
এছাড়া ১৮ ক্যারেট সোনার প্রতি ভরি ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির সোনার ক্ষেত্রেও প্রতি ভরি ১ হাজার ৪৪৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও বৃদ্ধি পেয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৩৫০ টাকা বাড়িয়ে ৬ হাজার ৬৫ টাকা করা হয়েছে। ২১ ক্যারেট রুপার ভরি ৩৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৭৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেট রুপার ভরি ২৯১ টাকা বাড়িয়ে ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২৩৩ টাকা বাড়িয়ে ৩ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
