এপ্রিলে প্রবাসী আয় ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে: বাংলাদেশ ব্যাংক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ২১:১০ | অনলাইন সংস্করণ

চলতি এপ্রিল মাসে প্রবাসীদের পাঠানো অর্থ ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এ মাসের প্রথম ২৯ দিনে দেশে মোট ৩০০ কোটি ২০ লাখ ডলার সমপরিমাণ বৈদেশিক আয় এসেছে। সে হিসাবে প্রতিদিন গড়ে এসেছে প্রায় ১০ কোটি ৩৫ লাখ ডলার।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংক-এর মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, এপ্রিলের প্রথম ২৯ দিনে প্রবাসীরা মোট ৩০০ কোটি ২০ লাখ ডলার পাঠিয়েছেন। এর মধ্যে শুধু ২৯ এপ্রিলেই এসেছে প্রায় ৯৪ কোটি ডলার। গত বছরের একই সময়ে, অর্থাৎ এপ্রিল ২০২৫-এ দেশে এসেছিল ২৬০ কোটি ৮০ লাখ ডলার।

এর আগে, মার্চ মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় আসে। ওই মাসে ৩১ দিনে মোট ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার দেশে পাঠান প্রবাসীরা।

এরও আগে, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় প্রবাসী আয়। জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার এবং ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার।