২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দাম কমে আবার বাড়ল
প্রকাশ : ০৬ মে ২০২৬, ১০:৪৭ | অনলাইন সংস্করণ

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
বুধবার (৬ মে) সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সকালে সমিতির মূল্য নির্ধারণ ও তদারকি সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ হাজার ৪১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেট সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (৫ মে) একই পরিমাণে দাম কমানো হয়েছিল। তবে ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও সমপরিমাণ দাম বাড়ানো হলো।
এদিকে, সোনার পাশাপাশি রুপার দামও বৃদ্ধি পেয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ১৭৫ টাকা বাড়িয়ে ৫ হাজার ৬৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৪৪১ টাকায় বিক্রি হচ্ছে।
