হরমুজ সংকটের মধ্যেও দেশে এলো জ্বালানি তেলের বড় চালান
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১২:১৭ | অনলাইন সংস্করণ

দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল বাংলাদেশে পৌঁছেছে।
বৃহস্পতিবার (৭ মে) থেকে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের জেটিতে তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় গত দুই মাস দেশে অপরিশোধিত তেলবাহী কোনো জাহাজ আসতে পারেনি। পরে বিকল্প পথ ব্যবহার করে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে গত ২১ এপ্রিল যাত্রা শুরু করে চীনা জাহাজ ‘নিনেমিয়া’।
দীর্ঘ ১৫ দিনের যাত্রা শেষে বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে জাহাজটি চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া বহির্নোঙরে পৌঁছায়।
জাহাজ থেকে তেল খালাসের জন্য আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল ছয়টি লাইটার জাহাজ। প্রতিটি জাহাজ একেকবারে প্রায় ৪ হাজার টন অপরিশোধিত তেল বহন করতে পারবে। সে হিসাবে প্রতিদিন অন্তত ২৪ হাজার টন তেল খালাস করা সম্ভব হবে।
সৌদি আরব থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এবং সেখান থেকে পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারি পর্যন্ত অপরিশোধিত তেল পরিবহনের দায়িত্ব পালন করছে বাংলাদেশ শিপিং করপোরেশন।
সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক গণমাধ্যমকে জানান, চলতি মাসে আরও দুই লাখ টন অপরিশোধিত তেল নিয়ে দুটি জাহাজ দেশে পৌঁছাতে পারে।
