অনলাইন সংস্করণ
১৭:৩৬, ০৭ মে, ২০২৬
টানা তিন দফায় মূল্যবৃদ্ধির পর অবশেষে জেট জ্বালানির দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট জ্বালানির দাম প্রায় ২২ টাকা কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। আগে এর দাম ছিল ২২৭ টাকা ৮ পয়সা।
বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন।
আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জেট জ্বালানির দাম কমানো হয়েছে। প্রতি লিটারের মূল্য ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, নতুন দাম বৃহস্পতিবার রাত থেকেই কার্যকর হবে।
চলতি বছরের জানুয়ারিতে প্রতি লিটার জেট জ্বালানির দাম ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা। ফেব্রুয়ারিতে তা সামান্য বেড়ে দাঁড়ায় ৯৫ টাকা ১২ পয়সায়।
তবে ফেব্রুয়ারির শেষ দিকে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহে সংকট দেখা দেয়। এর প্রভাব পড়ে দেশের বাজারেও। মার্চে প্রথম দফায় দাম বেড়ে ১১২ টাকা ৪১ পয়সা হয়।
পরবর্তীতে পরিস্থিতি আরও জটিল হলে ২৪ মার্চ দ্বিতীয় দফায় বড় ধরনের মূল্যবৃদ্ধি করে লিটারপ্রতি দাম ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়। সবশেষ এপ্রিলে তা বেড়ে দাঁড়ায় ২২৭ টাকা ৮ পয়সায়।
সর্বশেষ সিদ্ধান্তে কিছুটা কমলেও কয়েক মাসের ব্যবধানে জেট জ্বালানির দামে বড় ওঠানামা দেখা গেল।