অপরিশোধিত তেল পাওয়ায় ফের চালু ইস্টার্ন রিফাইনারির উৎপাদন

প্রকাশ : ০৮ মে ২০২৬, ১১:৫৬ | অনলাইন সংস্করণ

অপরিশোধিত তেলের সরবরাহ নিশ্চিত হওয়ায় তিন সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর আবার উৎপাদনে ফিরেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড।

শুক্রবার (৮ মে) সকাল ৮টা থেকে শোধনাগারটির উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হয়।

ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত বিষয়টি নিশ্চিত করে জানান, সকালেই মূল কারখানা চালু করা হয়েছে। তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়ে উৎপাদন স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগবে।

এর আগে সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল বহনকারী একটি জাহাজ বুধবার কুতুবদিয়া নোঙর এলাকায় পৌঁছায়। পরে বৃহস্পতিবার রাত থেকে জাহাজ থেকে তেল খালাসের কাজ শুরু হয় এবং ধাপে ধাপে তা শোধনাগারে পৌঁছে দেওয়া হয়।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অপরিশোধিত তেলের সরবরাহে সংকট তৈরি হলে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত আংশিকভাবে চালু ছিল শোধনাগারটি। পরে ১২ এপ্রিল থেকে মূল উৎপাদন ইউনিট পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর প্রভাবে অন্য ইউনিটগুলোর কার্যক্রমও পর্যায়ক্রমে বন্ধ হয়ে পড়ে।

ইস্টার্ন রিফাইনারিতে প্রতিদিন প্রায় চার হাজার টন ডিজেল উৎপাদনের সক্ষমতা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সর্বশেষ গত ফেব্রুয়ারিতে শোধনাগারটিতে অপরিশোধিত তেলের চালান পৌঁছায়। এরপর মার্চ থেকে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় জটিলতা বাড়তে থাকে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হয়। সরকারি চুক্তির মাধ্যমে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে এসব তেল আমদানি করা হয়।

সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক পরিস্থিতির অবনতির কারণে একাধিক তেলের চালান বিলম্বিত হয়। নিরাপত্তা ঝুঁকির কারণে কিছু জাহাজ যাত্রা শুরু করতে পারেনি, আবার কিছু মাঝপথে আটকে পড়ে।

এদিকে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজের মাধ্যমে সাধারণত এসব তেল পরিবহন করা হলেও সাম্প্রতিক পরিস্থিতিতে জাহাজ চলাচল ও রুট ব্যবস্থাপনায় জটিলতা দেখা দেয়।

এর ফলে, এপ্রিলের মাঝামাঝি সময়ে তেলের সংকট তীব্র আকার ধারণ করলে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। পরে নতুন চালান পৌঁছানোর পর ধাপে ধাপে আবার উৎপাদন শুরু করা হয়।