৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশ : ১৩ মে ২০২৬, ১৫:৪৩ | অনলাইন সংস্করণ

দেশের পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ বা অবসায়নের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী জুলাই থেকে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম গুটিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা গেছে।

মঙ্গলবার (১২ মে) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান।

বৈঠকে ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে দীর্ঘদিন ধরে সংকটে থাকা কয়েকটি প্রতিষ্ঠানের বিষয়ে এই পদক্ষেপ নেওয়া হয়।

বন্ধ বা অবসায়নের তালিকায় রয়েছে এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৯৩ শতাংশ থেকে প্রায় শতভাগে পৌঁছে গেছে। দীর্ঘদিন ধরে এটি দেশের আর্থিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি হিসেবে বিবেচিত হচ্ছিল।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, সিদ্ধান্ত কার্যকর হলে ধাপে ধাপে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম গুটিয়ে আনা হবে। এ লক্ষ্যে আগামী জুলাই থেকে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হতে পারে।