নতুন অর্থবছরে ৩ লাখ কোটি টাকার উন্নয়ন কর্মসূচি অনুমোদন

প্রকাশ : ১৮ মে ২০২৬, ১৮:০১ | অনলাইন সংস্করণ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ।

সোমবার (১৮ মে) এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর আগারগাঁওয়ের পরিকল্পনা মন্ত্রণালয়ে এটিই ছিল প্রধানমন্ত্রীর প্রথম সফর।

সভায় স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনের নিজস্ব অর্থায়নসহ মোট ব্যয়ের প্রস্তাব ধরা হয়েছে ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি টাকা।

এর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে সর্বোচ্চ প্রায় সাড়ে ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষ উন্নয়ন সহায়তা এবং সামাজিক উন্নয়ন সহায়তা খাতে থোক বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ১৮ হাজার ২৮৮ কোটি টাকা।

উন্নয়ন কর্মসূচিতে সরকারি অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা। পাশাপাশি বিদেশি ঋণ হিসেবে ১ লাখ ১০ হাজার কোটি টাকা গ্রহণের প্রস্তাব রাখা হয়েছে।

সভা শেষে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী বাজেটে অর্থনীতির নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তদারকি আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, বড় আকারের উন্নয়ন কর্মসূচি হলেও তা বাস্তবায়ন সম্ভব। নির্বাচনী ইশতেহার এবং সরকারের সামগ্রিক পরিকল্পনার আলোকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, ভঙ্গুর অর্থনীতি থেকে পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠনের লক্ষ্য সামনে রেখে পাঁচ বছরের একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে।

প্রকল্প বাস্তবায়নে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এর মধ্যে রয়েছে প্রকল্প পরিচালক নিয়োগে নির্দিষ্ট যোগ্যতা নির্ধারণ, প্রতিটি মন্ত্রণালয়ে পর্যবেক্ষণ ব্যবস্থা চালু এবং প্রকল্পের অগ্রগতি নিয়মিত মূল্যায়ন। যেসব প্রকল্প অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে, সেগুলো বাতিল করা হবে।

অন্যদিকে, দেশের জন্য লাভজনক ও বাস্তবায়নযোগ্য প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হবে।