দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, অপরিবর্তিত রুপা

প্রকাশ : ২০ মে ২০২৬, ১১:২৮ | অনলাইন সংস্করণ

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।

বুধবার (২০ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ২৩০ টাকা।

এর আগে, সর্বশেষ ১৬ মে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়। তখন ২১ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছিল ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায়।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৬৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৩১ দফা কমানো হয়েছে।

অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৪১ টাকায়।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৩৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২১ দফা দাম বেড়েছে এবং ১৮ দফা কমেছে। গত বছর রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল।