২০ দিনেই দেশে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলার
প্রকাশ : ২১ মে ২০২৬, ১৬:২৭ | অনলাইন সংস্করণ

চলতি মে মাসের প্রথম ২০ দিনেই দেশে এসেছে ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয়। সে হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১৩ কোটি ১১ লাখ ডলার।
বৃহস্পতিবার (২১ মে) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ১৮৯ কোটি ৭০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত দেশে মোট এসেছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ ডলারের প্রবাসী আয়। আগের বছরের তুলনায় যা ২০ দশমিক ৯০ শতাংশ বেশি।
ব্যাংক সংশ্লিষ্টদের মতে, কোরবানির ঈদ সামনে রেখে বিদেশে থাকা বাংলাদেশিরা দেশে পরিবার-স্বজনদের কাছে বেশি অর্থ পাঠাচ্ছেন। ফলে প্রবাসী আয় বাড়ছে।
এর আগে, গত এপ্রিলে দেশে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। মার্চে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
এছাড়া ফেব্রুয়ারিতে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার।
গত ডিসেম্বরে দেশে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।
অক্টোবর ও সেপ্টেম্বরে প্রবাসী আয় ছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আর আগস্ট ও জুলাই মাসে আসে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
এদিকে, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট প্রবাসী আয় এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ।
