ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

প্রকাশ : ২৪ মে ২০২৬, ২১:০১ | অনলাইন সংস্করণ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন।

রোববার (২৪ মে) তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পদত্যাগপত্র জমা দেন।

বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তার বরাতে জানা গেছে, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এবং নতুন গভর্নর মোস্তাকুর রহমান দায়িত্ব গ্রহণের পর ইসলামী ব্যাংক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে ব্যাংকটির শীর্ষ কর্মকর্তাদের মতবিরোধ তৈরি হয়।

এর মধ্যে অনলাইনে সভায় অংশ নেওয়ার শর্তে দেড় মাসের ছুটিতে দেশের বাইরে যান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকেও ছুটিতে পাঠানো হয়। গত ১২ এপ্রিল পরিচালনা পর্ষদের সভায় তাদের ছুটি অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জানান, রোববার ব্যাংকটির প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভা হওয়ার কথা ছিল। তবে সভার আগে ব্যাংকের কিছু গ্রাহক ও কর্মকর্তা প্রধান কার্যালয়ের নিচে আন্দোলন শুরু করেন। তারা ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে পদত্যাগ না করার আহ্বান জানান এবং একই সঙ্গে চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন।

এ পরিস্থিতিতে অধ্যাপক এম জুবায়দুর রহমান বাংলাদেশ ব্যাংকের কাছে পদত্যাগপত্র পাঠান। অন্যদিকে ছুটিতে থাকা ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানও পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। যদিও পর্ষদের সভা বাতিল হওয়ায় এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এর আগে ২০২৪ সালের আগস্ট-পরবর্তী সময়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। তখন ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করা হয়। পরে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তার ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হলে তিনি গত বছরের ১৭ জুলাই পদত্যাগ করেন। এরপর চেয়ারম্যানের দায়িত্ব পান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান।

অধ্যাপক জুবায়দুর রহমান ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফিন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের অধ্যাপক, ইউনিভার্সিটি অব বোকোনির ভিজিটিং প্রফেসর এবং ইউনিভার্সিটি অব ইলিনয় আরবানা-শ্যাম্পেইন ও মস্কো স্টেট ইউনিভার্সিটির ভিজিটিং স্কলার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ঢাকার জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (জুমস)-এর প্রতিষ্ঠাতা উপাচার্যের দায়িত্বও পালন করেছেন।