সোনার দাম কমেছে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা
প্রকাশ : ০২ জুন ২০২৬, ১৪:১৩ | অনলাইন সংস্করণ

দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।
মঙ্গলবার (২ জুন) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
গত ২৫ মে ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় ২ হাজার ১৫৮ টাকা। এর দুদিন আগে ২৩ মে কমানো হয় ২ হাজার ১৫৮ টাকা। এখন আবার সোনার দাম কমানো হলো।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। ২১ ক্যারেট সোনার ভরি ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেট সোনার ভরি ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ১১৭ টাকা কমিয়ে ৫ হাজার ৬৫৭ টাকা, ২১ ক্যারেট রুপার ভরি ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট রুপার ভরি ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
