সোনার সঙ্গে কমল রুপার দামও
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১৩:১৭ | অনলাইন সংস্করণ

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। একই সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম নেমে এসেছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকায়।
শনিবার (৬ জুন) সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এ দাম শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা, যা আগের দিন ছিল ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৮ হাজার ৬৮৪ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৫ হাজার ২৪৯ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা।
