গ্যাস সরবরাহ নিশ্চিতে দুই কার্গো এলএনজি কিনবে সরকার
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ২১:৫২ | অনলাইন সংস্করণ

দেশে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি।
বুধবার (১ জুলাই) রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২৬ সালের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির ২৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
অনুমোদন অনুযায়ী, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে ২০২৬ সালের জুলাই মাসের শেষার্ধে সরবরাহের জন্য এই দুই কার্গো এলএনজি সংগ্রহ করা হবে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, এক কার্গো এলএনজি সরবরাহ করবে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড এবং অপর কার্গো সরবরাহ করবে যুক্তরাজ্য ভিত্তিক টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড।
দেশের তাৎক্ষণিক জ্বালানি চাহিদা পূরণ এবং বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা ও গৃহস্থালি পর্যায়ে স্থিতিশীল প্রাকৃতিক গ্যাস সরবরাহ বজায় রাখতে পেট্রোবাংলার সুপারিশের ভিত্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ প্রস্তাব উত্থাপন করে।
এই দুই কার্গো এলএনজি ক্রয়ে সরকারের মোট ব্যয় হবে ১ হাজার ৪৩৭ কোটি ৫৫ লাখ টাকা।
