বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম, ভরিতে ১,৬৩৩ টাকা

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১৭:১৬ | অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও আন্তর্জাতিক বাজারে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে।

এর ফলে মঙ্গলবার (২১ জুলাই) স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। অন্যদিকে যুদ্ধবিরতির সম্ভাবনার প্রভাবে কিছুটা কমেছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম। খবর রয়টার্স।

বাজারের তথ্য অনুযায়ী, স্পট গোল্ডের দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৪২.৬৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার্সের দাম ০.৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪,০৪৭.৪০ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা পুরোপুরি না কমায় বিনিয়োগকারীরা এখনো নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণে বিনিয়োগ বাড়াচ্ছেন।

টেস্টিলাইভের গ্লোবাল ম্যাক্রো বিভাগের প্রধান ইলিয়া স্পিভাক বলেন, 'স্বর্ণ ৪ হাজার ডলারের আশপাশে শক্ত অবস্থান তৈরি করেছে এবং সেখান থেকে আবার ঊর্ধ্বমুখী হওয়ার চেষ্টা করছে।'

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার উদ্যোগ এবং তেহরানের কাছে ১০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব পৌঁছানোর খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। তবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নতুন হুমকি এবং দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো অনিশ্চিত রয়েছে।

বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত আবার তীব্র হলে তেলের দাম নতুন করে বাড়তে পারে। সেক্ষেত্রে বৈশ্বিক মূল্যস্ফীতির চাপ বাড়বে এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংক (ফেডারেল রিজার্ভ) সুদের হার আরও বাড়ানোর পথে হাঁটতে পারে।

বর্তমান বাজার প্রত্যাশা অনুযায়ী, আগামী সপ্তাহে ফেড সুদের হার অপরিবর্তিত রাখতে পারে। তবে সেপ্টেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রায় ৬৪ শতাংশ বলে মনে করছেন বিনিয়োগকারীরা।

অন্যদিকে মূল্যবান ধাতুর বাজারেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। মঙ্গলবার রূপার দাম ২.২ শতাংশ, প্লাটিনামের দাম ০.৮ শতাংশ এবং প্যালাডিয়ামের দামও ০.৮ শতাংশ বেড়েছে।

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ

টানা দুই দফা মূল্য কমানোর পর মঙ্গলবার (২১ জুলাই) সকালে আবারও দেশের বাজারে সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ভ্যাটসহ ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা এবং সনাতন পদ্ধতি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকা নির্ধারন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নতুন এ দাম আজ থেকেই কার্যকর হবে।