বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলায় নতুন নির্দেশনা

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ২৩:১২ | অনলাইন সংস্করণ

বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে নতুন করে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় 'এ-৩' সহ অন্য কর্মসংস্থান ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশি নাগরিকদের ওয়ার্ক পারমিট হালনাগাদ থাকলে প্রযোজ্য 'কেওয়াইসি' বিধি পরিপালন সাপেক্ষে ব্যাংক হিসাব খোলার সুযোগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে জারি করা এক সার্কুলারে এই নির্দেশনা দেয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে বলা হয়েছে, বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে তাদের ওয়ার্ক পারমিট হালনাগাদ আছে কি না, তা নিশ্চিত করতে হবে। বৈধ ওয়ার্ক পারমিট থাকলে প্রচলিত কেওয়াইসি বিধি পরিপালন সাপেক্ষে হিসাব খোলার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম নিতে হবে।

 

সার্কুলার অনুযায়ী, 'এ৩' এবং অন্যান্য কর্মসংস্থান ভিসা ক্যাটাগরির আওতায় বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা ব্যাংকের মাধ্যমে তাদের বেতন ও ভাতা গ্রহণ করতে পারবেন। বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতাদি ব্যাংকের মাধ্যমে গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। ফলে হালনাগাদ ওয়ার্ক পারমিট থাকলে তাদের ব্যাংক হিসাব খোলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এর আগে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২৯ এপ্রিল জারি করা এক পরিপত্রের বিষয়টি উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক জানায়, 'এ-৩' ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতাদি ব্যাংকের মাধ্যমে গ্রহণের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এ ধরনের বিদেশি নাগরিকদের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছ থেকে ওয়ার্ক পারমিট নিতে হয়। নির্ধারিত মেয়াদ শেষ হলে সেটি নবায়নও করতে হয়।

এছাড়া, ওয়ার্ক পারমিটে অনেক ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা গ্রহণের শর্তও দেওয়া থাকে। ফলে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া সংশ্লিষ্ট বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার সুযোগ না দেয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 

আবা/এসআর/২৬