সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪ | অনলাইন সংস্করণ

কনটেন্ট ক্রিয়েটর, মডেল ও অভিনেতা সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য ও লেনদেনের বিবরণ চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো এক ই-মেইলে এই তরুণ মডেলের হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম (এওএফ), গ্রাহকের পরিচিত সংক্রান্ত তথ্য (কেওয়াইসি) এবং হিসাব বিবরণী (স্টেটমেন্ট) দেয়ার জন্য বলা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে পাঠানো এক ই-মেইল বার্তায় সালমান মুক্তাদিরের নাম উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জরুরি ভিত্তিতে এসব তথ্য দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, বার্তাটি উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত।

ব্যাংকগুলোকে পাঠানো বার্তায় সালমান মুক্তাদিরের নামে থাকা হিসাবের কেওয়াইসি ও স্টেটমেন্টের সফট কপি দিতে বলেছে বিএফআইইউ। একইসঙ্গে সংযুক্ত এক্সেল ফাইলে তার হিসাব সংক্রান্ত সব তথ্য এবং চিহ্নিত প্রতিটি হিসাবের সুদ আয় ও উৎসে কর (টিডিএস) সংক্রান্ত তথ্য পূরণ করে পাঠানোর জন্য বলা হয়েছে।

বিএফআইইউ তাদের পাঠানো বার্তায় ব্যাংকগুলোকে এসব তথ্য এক ঘণ্টার মধ্যে গোএমএল মেসেজ বোর্ডের মাধ্যমে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে সংস্থাটির এক পরিপত্রের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে তথ্যের যাবতীয় গোপনীয়তা বজায় রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

আর বার্তাটি ই-মেইলের মাধ্যমে দেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো হয়েছে। বিএফআইইউ থেকে পাঠানো বার্তায় প্রাপকের তালিকায় সরকারি-বেসরকারি ও বিদেশি ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের নাম রয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটলে বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। দুর্বৃত্তরা স্টুডিওতে ঢুকে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা হচ্ছে।

এ ঘটনায় সালমান মুক্তাদির অভিযোগ করেন, বিএনপির লোকজন চাঁদাদাবি করেছিল, পরে অবশ্য জানান―চাঁদা চাওয়া হয়নি। তার এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, সালমান মুক্তাদিরসহ যেসব কনটেন্ট ক্রিয়েটরদের ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে, তারা ভবিষ্যতে অধিকতর দায়িত্বশীল হবেন।