বাজারে ১০ কোটি ব্যারেল ডিজেল ছাড়বে জি-৭
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

জ্বালানির বাজারে স্থিতিশীলতা আনতে আগামী চার মাসে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জি-৭ভুক্ত দেশগুলো। এক বৈঠকের পর এ বিষয়ে সম্মতির কথা জানিয়েছে জোটের নেতারা। খবর আল জাজিরার।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কার্যালয় থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) মাধ্যমে চার মাস ধরে মোট ১০ কোটি ব্যারেল জ্বালানি সরবরাহের কার্যক্রম দ্রুত শুরু করা হবে। এর অংশ হিসেবে প্রথম ২০ দিনের মধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে।
বিবৃতিতে জি-৭ নেতারা জানান, সদস্য দেশগুলোর মধ্যে ডিজেলসহ জ্বালানি ও জ্বালানি পণ্য রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। তারা বলেন, বাজারে অস্থিরতা বাড়তে পারে—এমন কোনো রপ্তানি নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার প্রতিশ্রুতি তারা পুনর্ব্যক্ত করছেন। একই সঙ্গে অন্যান্য উৎপাদনকারী দেশকেও এ ধরনের পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জ্বালানির মূল্য নিয়ে সাধারণ মানুষের উদ্বেগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে নেতারা বলেন, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজন হলে সমন্বিতভাবে পরবর্তী পদক্ষেপ নেবেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর জি-৭ নেতাদের নিয়ে জরুরি ভিডিও বৈঠকের আয়োজন করেন ম্যাক্রোঁ। ব্রিটেন, জাপান, কানাডা, জার্মানি ও ইতালিসহ জোটের সদস্যরা ওই আলোচনায় অংশ নেন।
আবা/এসআর/২৬
