সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ১৪:৩৬ | অনলাইন সংস্করণ

এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে টানা ২ দিন সারা দেশে সব এলপি গ্যাসের দোকান বন্ধ থাকবে। আজ সোমবার (১২ অক্টোবর) রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতি ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশে সব গ্যাসের দোকান বন্ধ থাকবে। এর আগে, দেশের বাজারে সবশেষ গত ৪ অক্টোবর বাড়ানো হয় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য।
নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডার ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে সরকার নির্ধারিত এই দামে কোথাও এলপিজি সিলিন্ডার মিলছে না বলে অভিযোগ উঠেছে।
