সিডনিতে যাত্রা শুরু করল ‘সেল এক্সপার্টস’

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১৯:৪০ | অনলাইন সংস্করণ

  অস্ট্রেলিয়া ব্যুরো

অস্ট্রেলিয়ার সিডনির ল্যাকেম্বায় বাংলাদেশি উদ্যোক্তার প্রতিষ্ঠিত তথ্যপ্রযুক্তি ও গ্যাজেট সেবাদানকারী প্রতিষ্ঠান ‘সেল এক্সপার্টস’ (CELL EXPERTS) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

সিডনির ল্যাকেম্বার ৪৫ রেলওয়ে প্যারেডে (45 Railway Parade, Lakemba NSW 2195) ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা শেখ আবু হুরায়রা আল আজহারী। তিনি নতুন প্রতিষ্ঠানটির সাফল্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করেন।

অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (ABJA) সভাপতি মোহাম্মদ আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের মেয়র বেলাল হেইকের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন কাউন্সিলর হেদি সালেহ।

এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন কাউন্সিলর শিরিন আক্তার, সাবেক কাউন্সিলর শাহে জামান টিটু, আইনজীবী ড. মোহাম্মদ সিরাজুল হক ও উপল আমিন, প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব গামা আব্দুল কাদির, জন্মভূমি টিভির চেয়ারম্যান আবু রেজা আরেফিন, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের সভাপতি রহমত উল্লাহ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলসের সাবেক সভাপতি এ কে এম ফজলুল হক শফিক এবং কমিউনিটি নেতা কাউসার আহমেদসহ বিশিষ্ট ব্যক্তিরা।

বক্তারা বলেন, প্রবাসে বাংলাদেশিদের নতুন ব্যবসায়িক উদ্যোগ ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজে বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণ ও অর্থনৈতিক অগ্রযাত্রারও ইতিবাচক প্রতিফলন। তাঁদের মতে, প্রযুক্তিনির্ভর জীবনে মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য ডিজিটাল ডিভাইসের নির্ভরযোগ্য, দ্রুত ও মানসম্মত সেবা গুরুত্বপূর্ণ। সেল এক্সপার্টস স্থানীয় মানুষের সেই চাহিদা পূরণে ভূমিকা রাখতে পারবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের এমন উদ্যোগ নতুন প্রজন্মের উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে। তাঁরা প্রতিষ্ঠানটির সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

‘শুধু ব্যবসা নয়, মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য’

সেল এক্সপার্টসের পরিচালক, প্রবাসী সাংবাদিক ও ABJA-র সহসভাপতি মাসুম বিল্লাহ অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শুভানুধ্যায়ী ও কমিউনিটির সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, “শুধু ব্যবসা করার উদ্দেশ্যে নয়, মানুষের প্রয়োজনের সময় পাশে দাঁড়িয়ে নির্ভরযোগ্য প্রযুক্তিসেবা দেওয়ার লক্ষ্য নিয়েই সেল এক্সপার্টসের যাত্রা শুরু করেছি। গ্রাহকের সন্তুষ্টি, আস্থা ও মানসম্মত সেবাই হবে আমাদের সবচেয়ে বড় অর্জন।”

মাসুম বিল্লাহ বলেন, “বর্তমান সময়ে মোবাইল ফোন, ল্যাপটপ ও ট্যাবলেট ছাড়া আমাদের দৈনন্দিন জীবন প্রায় অচল। হঠাৎ কোনো ডিভাইস নষ্ট হয়ে গেলে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী কিংবা ব্যবসায়ীদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়। অনেক সময় জরুরি প্রয়োজনে দ্রুত মেরামতের ব্যবস্থা পাওয়া যায় না। আমরা সেই সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধান দিতে চাই।”

তিনি আরও বলেন, “সেল এক্সপার্টসকে এমন একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে বাংলাদেশিসহ সব কমিউনিটির মানুষ আস্থা ও নিশ্চিন্ততার সঙ্গে সেবা নিতে পারবেন। এই পথচলায় সবার ভালোবাসা, সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

একই ছাদের নিচে আধুনিক প্রযুক্তিসেবা

সেল এক্সপার্টসে আইফোন, স্যামসাং, অপো, নকিয়া ও হুয়াওয়েসহ বিভিন্ন ব্র্যান্ডের নতুন ও রিফারবিশড মোবাইল ফোন, ল্যাপটপ ও ট্যাবলেট পাওয়া যাবে।

প্রতিষ্ঠানটিতে এসব ডিভাইসের স্ক্রিন ও ব্যাটারি পরিবর্তন, চার্জিং পোর্ট মেরামত, ক্যামেরা ও অন্যান্য হার্ডওয়্যার সমস্যার সমাধান, পানিতে ক্ষতিগ্রস্ত ডিভাইস মেরামত এবং ডেটা পুনরুদ্ধারের সেবা দেওয়া হবে। এ ছাড়া মোবাইল ফোনের কভার, চার্জার, কেবল ও স্ক্রিন প্রটেক্টরসহ প্রয়োজনীয় অ্যাকসেসরিজ পাওয়া যাবে।

প্রযুক্তিসেবার পাশাপাশি প্রতিষ্ঠানটিতে ফটোকপি, ডকুমেন্ট প্রিন্টিং, লেমিনেটিং এবং জাস্টিস অব দ্য পিস (JP) সেবার ব্যবস্থাও রাখা হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দারা একই জায়গা থেকে একাধিক প্রয়োজনীয় সেবা নিতে পারবেন।

রাত ১২টা পর্যন্ত সেবা, ৩০ মিনিটে মেরামতের লক্ষ্য

কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে সেল এক্সপার্টস প্রতিদিন রাত ১২টা পর্যন্ত খোলা রাখার পরিকল্পনা করেছে। দিনের ব্যস্ততা শেষে যাঁরা মোবাইল ফোন কিংবা ল্যাপটপ মেরামতের সময় পান না, তাঁদের জন্য এ উদ্যোগ সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি জরুরি প্রয়োজনে গ্রাহকদের দ্রুত সেবা দিতে ‘৩০ মিনিট এক্সপ্রেস রিপেয়ার সার্ভিস’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় যন্ত্রাংশের প্রাপ্যতা ও সমস্যার ধরন অনুযায়ী নির্দিষ্ট কিছু মেরামত ৩০ মিনিটের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।

উদ্বোধন ঘিরে প্রবাসীদের মিলনমেলা

উদ্বোধনী অনুষ্ঠানে সিডনির বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল অন্যতম আকর্ষণ। অতিথিরা শুভেচ্ছা বিনিময় করেন এবং নতুন উদ্যোগের সাফল্য কামনা করেন। বন্ধু, সহকর্মী, সাংবাদিক, ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আন্তরিক সামাজিক মিলনমেলায় পরিণত হয়।

উদ্বোধনের মধ্য দিয়ে শুধু একটি নতুন ব্যবসাপ্রতিষ্ঠানের যাত্রাই শুরু হয়নি, প্রবাসে বাংলাদেশিদের পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্যের চিত্রও ফুটে উঠেছে। আয়োজকদের পক্ষ থেকে অতিথি, শুভানুধ্যায়ী এবং আয়োজন সফল করতে সহযোগিতাকারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, আধুনিক প্রযুক্তি, গ্রাহকবান্ধব সেবা, দ্রুত মেরামত ও দীর্ঘ সময় খোলা রাখার সুবিধার মাধ্যমে সেল এক্সপার্টস অল্প সময়ের মধ্যেই ল্যাকেম্বা ও আশপাশের এলাকার মানুষের কাছে নির্ভরযোগ্য প্রযুক্তিসেবা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পাবে।