পরিবেশবিধি না মানলে ট্যানারি চালানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১৪:৩৬ | অনলাইন সংস্করণ

সাভারের চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পরও যেসব ট্যানারি উৎপাদনে যেতে পারেনি, সেগুলো চালু করতে কারিগরি ও আর্থিক সহায়তা দেবে সরকার। তবে পরিবেশগত বিধিবিধান পরিপালনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করতে এসএমই খাতের ঋণ পুনঃঅর্থায়ন কর্মসূচির বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে ‘বাংলাদেশ–নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন’ অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

নেদারল্যান্ডসের সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ (সিবিআই) ও লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিতে বড় সম্ভাবনা রয়েছে। গত বছর লেদার ও নন-লেদার পণ্য মিলিয়ে প্রায় ১৭৮ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাজার। পাশাপাশি ভারতও চামড়াজাত পণ্যের অন্যতম প্রধান ক্রেতা হিসেবে উঠে এসেছে।

এই সম্ভাবনা কাজে লাগাতে পণ্যের গুণগত মান, পরিবেশগত মানদণ্ড অনুসরণ এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের দীর্ঘসূত্রতা চামড়াশিল্পের অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার এ খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নিয়েছে। সাভার চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পরও যেসব কারখানা উৎপাদন শুরু করতে পারেনি, সেগুলো সচল করতে প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, ৫০ হাজার বর্গফুট বা তার বেশি আয়তনের প্রতিটি কারখানায় নিজস্ব তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি সাভারের সব ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জন করতে হবে। পরিবেশগত মান ও বিধিবিধান অনুসরণে ব্যর্থ কোনো ট্যানারিকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না।

চামড়াশিল্পের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রী বলেন, সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) সক্ষমতা বাড়ানো এবং উন্নত ক্রোমিয়াম পুনরুদ্ধার ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়াশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।

অনুষ্ঠানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গুরুত্ব তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, কর্মসংস্থান সৃষ্টি, আয়বৈষম্য কমানো এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের বিকাশ জরুরি। বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান এক-চতুর্থাংশেরও কম। অর্থনৈতিক বৈষম্য কমাতে এ অবদান অন্তত ৬০ শতাংশে উন্নীত করা প্রয়োজন।

ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তির জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, ব্যাংকঋণের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র ও প্রক্রিয়াগত বাধার কারণে অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা অর্থায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। এ সমস্যা সমাধানে এসএমই ফাউন্ডেশনকে নতুনভাবে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে উদ্যোক্তারা সহজে প্রাতিষ্ঠানিক সহায়তা ও ঋণ সুবিধা পান।

মন্ত্রী জানান, বর্তমান দায়িত্ব গ্রহণের পর এসএমই খাতের ঋণ পুনঃঅর্থায়ন কর্মসূচির বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করা হয়েছে। এ কর্মসূচির আওতায় ঋণ আদায়ের হার ৯৮ শতাংশ। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা ও শৃঙ্খলার এটি ইতিবাচক দৃষ্টান্ত বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, টেকসই শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার বাড়াতে দুই দেশের সহযোগিতার সুযোগ রয়েছে। বিশেষ করে হোম টেক্সটাইল ও চামড়াশিল্পে নেদারল্যান্ডসের প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বাংলাদেশের রফতানি খাতকে আরও প্রতিযোগিতামূলক করতে ভূমিকা রাখতে পারে।

তিনি বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং চামড়াশিল্পের উন্নয়নে নেদারল্যান্ডস সরকার, সিবিআই ও উন্নয়ন সহযোগীদের ভূমিকার প্রশংসা করেন। পরিবেশবান্ধব শিল্পায়ন, টেকসই উৎপাদন এবং রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। সিবিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক জুডিথ আরেন্ডসও বক্তব্য দেন। এ সময় সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, শিল্পোদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।