মেলবোর্নের গ্লোবাল সোর্সিং এক্সপোতে বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১৮:৫২ | অনলাইন সংস্করণ

  অস্ট্রেলিয়া ব্যুরো

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ১৭ থেকে ১৯ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’। বিশ্বের ২০টি দেশের ৯০০টির বেশি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় মেলায় বাংলাদেশের তৈরি পোশাক খাতের ৯টি এবং ব্যক্তিগত উদ্যোগে আরও ৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এসব প্রতিষ্ঠানের ২৩ জন প্রতিনিধি মেলায় যোগ দিয়েছেন।

তিন দিনব্যাপী এ মেলায় বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের প্রদর্শনী কার্যক্রম উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দীন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব তানভীর আহমেদ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব মো. বজলুর রশীদ, কমার্শিয়াল কাউন্সেলর রনি চাকমা এবং আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক জুলি হল্ট উপস্থিত ছিলেন।

‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ অস্ট্রেলিয়ার অন্যতম আন্তর্জাতিক সোর্সিং প্রদর্শনী। এতে সোর্সিং পেশাজীবীরা বিশ্বের বিভিন্ন দেশের প্রস্তুতকারক ও সরবরাহকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং ব্যবসায়িক সুযোগ অন্বেষণের সুযোগ পান। মেলায় পোশাক, জুতা, ফ্যাশন অ্যাকসেসরিজ, বস্ত্র ও গৃহসজ্জার সামগ্রীসহ বিভিন্ন খাতের পণ্য ও সেবা প্রদর্শিত হচ্ছে।

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের সক্ষমতা তুলে ধরতে মেলার প্রথম দিনে এ শিল্পের ওপর একটি সেমিনারের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ প্যাভিলিয়নে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দর্শনার্থী, ক্রেতা, বিপণনকারী এবং পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবে। পাশাপাশি বিজনেস-টু-বিজনেস (বি২বি) নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নতুন ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ এবং বি২বি নেটওয়ার্কিংয়ের মাধ্যমে অস্ট্রেলিয়াসহ বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের অবস্থান আরও সুসংহত হবে। একই সঙ্গে বাংলাদেশি পণ্যের রপ্তানিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।