নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৫ | অনলাইন সংস্করণ

  নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’ শ্লোগানকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্যভাবে জাতীয় গ্রন্থাগার দিবস–২০২৬ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম পায়রা অবমুক্ত করে দিবসটির শুভ উদ্বোধন করেন।

পরে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে গিয়ে শেষ হয়।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “প্রতি বছর ৫ ফেব্রুয়ারি আমাদের গ্রন্থাগার বিষয়ে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করে। এ ক্ষেত্রে যদি কোনো ঘাটতি থাকে, তা পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আলোকিত ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গ্রন্থাগারমুখী হওয়ার কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “গ্রন্থাগারে বিভিন্ন মাধ্যমে বিপুল পরিমাণ রিসোর্স রয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারকে আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, যেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা জ্ঞানার্জন ও গবেষণার জন্য গ্রন্থাগারের সর্বোচ্চ ব্যবহার করতে পারে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

স্বাগত বক্তব্য দেন গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) ড. মোহা. আজিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী গ্রন্থাগারিক মো. সাইফুল ইসলাম হিরক।

এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।