রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৯ | অনলাইন সংস্করণ

  আলোকিত ডেস্ক

আসন্ন রমজান মাসে দেশের সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রমজান মাসের ২১ দিন বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়। পরে গত ৫ জানুয়ারি পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখতে সরকারকে উকিল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল।

নোটিশে তিনি বলেন, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে— এটিই আইন, প্রথা ও নীতি এবং ওইভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ থাকে। সংবিধানের ৩১ অনুচ্ছেদে বলা হয়েছে, আইন ছাড়া কিছুই করা যাবে না, অনুচ্ছেদ ১৫২(১) অনুযায়ী আইন অর্থ বাংলাদেশে আইনের ক্ষমতা সম্পন্ন যেকোনো প্রথা ও রীতি। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের তর্কিত সিদ্ধান্ত অসাংবিধানিক। এটি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য ‘এক প্রকার বৈষম্য’ বলেও নোটিশে বলা হয়।

নোটিশে আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিশু-কিশোরদের স্কুল করে ক্লান্ত হয়ে রোজা রাখতে কষ্ট হবে। এতে রোজা রাখার অভ্যাস থেকে দূরে থাকার শঙ্কা দেখা দেবে, যা ধর্মীয় আচার চর্চার অন্তরায়।

এ ছাড়া রমজান মাসে বিদ্যালয় চালু থাকলে শহরাঞ্চলে তীব্র যানজট সৃষ্টি হয়ে জনভোগান্তি বাড়তে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়।