ইবিতে রোভার স্কাউট গ্রুপের সভাপতি সাঈম, সা.সম্পাদক সাজ্জাদ
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৯ | অনলাইন সংস্করণ
ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খন্দকার আবু সাঈম সভাপতি এবং আল কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী আবু সালিক মো. সাজ্জাদ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিলের উদ্যোগে আগামী ১ (এক) বছরের জন্য গ্রুপের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। রোভার স্কাউট সদস্যদের কর্মদক্ষতা, নেতৃত্বগুণ, সাংগঠনিক অভিজ্ঞতা এবং রোভারিং কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে ইউনিট কাউন্সিলের সর্বসম্মত সিদ্ধান্তে এই মনোনয়ন সম্পন্ন করা হয়।
নবনির্বাচিত সভাপতি খন্দকার আবু সাঈম বলেন, “রোভার স্কাউটিং কেবল একটি সংগঠন নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব, সেবা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার একটি আদর্শ প্ল্যাটফর্ম। আমি বিশ্বাস করি, আমরা সকলে একসাথে কাজ করলে আমাদের গ্রুপকে আরও সক্রিয়, সুশৃঙ্খল ও কার্যকর একটি ইউনিট হিসেবে গড়ে তুলতে পারব। আমাদের লক্ষ্য থাকবে রোভারদের দক্ষতা উন্নয়ন, নিয়মিত কার্যক্রম বাস্তবায়ন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং ভ্রাতৃত্ব ও ঐক্যের পরিবেশ শক্তিশালী করা। আমরা বিশ্ববিদ্যালয় ও দেশের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার অঙ্গীকার করছি। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
